শুধু সামরিক শক্তিতে ইরান সমস্যার সমাধান অলীক কল্পনা : জার্মান প্রতিরক্ষা মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত কেবল সামরিক শক্তি বা একতরফা পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়—এমন সতর্কবার্তা দিয়েছে জার্মানি (Germany)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস (Boris Pistorius) এ ধরনের ধারণাকে সরাসরি ‘অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন।

জার্মান পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক শক্তির ওপর এককভাবে নির্ভর করা বাস্তবসম্মত নয়। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের আমেরিকান এবং ইসরায়েলি বন্ধুদের কাছে এই বিষয়টি বারবার জোর দিয়ে বলতে হবে এবং আমরা তা চালিয়ে যাব।”

এদিকে একই সময়ে কূটনৈতিক পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎর্জ (Friedrich Merz)। তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্যগুলোর প্রতি তিনি সমর্থন জানালেও দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

মাৎর্জ বলেন, চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণে দ্রুত যুদ্ধের সমাপ্তি দেখতে চান তিনি।

এদিকে উত্তেজনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান (Iran)। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি (Abolfazl Shekarchi) বলেছেন, লেবাননে ইরানের দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বহুবার আন্তর্জাতিক সীমারেখা ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।

শেকারচি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তেহরান আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংযম বজায় রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *