নির্বাচনে ধানের শীষ ভোট পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ, আর দাঁড়িপাল্লা ২ কোটি ৩৮ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ধানের শীষ প্রতীকের প্রার্থীরা মোট ৩ কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়ে ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ অর্জন করেছেন।

প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৩৮ লাখের বেশি ভোট। ফলে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫, যা মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট (৩ দশমিক ০৫ শতাংশ) পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২০ লাখ ২৩ হাজার ৯৬৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৯২৪ ভোট।

স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৪ ভোট (৫ দশমিক ৭৯ শতাংশ) পেয়েছেন।

অন্যদিকে গত তিন নির্বাচনে বিরোধী দলের আসন দখল করে রাখা জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও দলটি পেয়েছে মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৮২ ভোট (০ দশমিক ৮৯ শতাংশ)।

গণ অধিকার পরিষদ পেয়েছে প্রায় ২ লাখ ৪৪ হাজার ভোট, এবি পার্টি ২ লাখ ১০ হাজার ভোট। ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটের মধ্যে রয়েছে ১২টি দল। নতুন নিবন্ধন পাওয়া জনতার দল পেয়েছে ৩৭ হাজার ৪০১ ভোট, বাসদ (মার্ক্সবাদী) পেয়েছে ১৩ হাজার ২৩৫ ভোট।

কিছু প্রভাবশালী নেতা ও দলের ভোটের সংখ্যা তুলনামূলকভাবে কম। নাগরিক ঐক্য (মাহমুদুর রহমান মান্না) পেয়েছে ৬ হাজার ৮৯৯ ভোট, আমজনতার দল (তারেক) পেয়েছে ৬ হাজার ২০৯ ভোট, গণফোরাম (ড দশমিক কামাল হোসেন) পেয়েছে মাত্র ৫ হাজার ৬৬ ভোট।

এছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৫টি দল সারা দেশে ১ হাজার ভোটও সংগ্রহ করতে পারেনি। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *