সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন-এর নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আংশিকভাবে এই কমিটির নাম প্রকাশ করা হয়। নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।
ঘোষিত কমিটিতে আরও রয়েছেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। তাদের মতে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে পড়েছে। সেই বাস্তবতার মধ্যেই জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন ও প্রত্যাশাকে পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়েই এই নতুন কমিটি কাজ শুরু করছে।
নতুন ঘোষিত এই কমিটি শুধু কেন্দ্রীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না। দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ জনগণের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই ন্যাশনাল অর্গানাইজিং কমিটিই মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।
এ প্রসঙ্গে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য তাদের। তিনি জানান, নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা-তে আয়োজিত একটি আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অলটারনেটিভস। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলায় সফর, মতবিনিময় এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


