ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps – IRGC) মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা নতুন সর্বোচ্চ নেতার সব নির্দেশনা মেনে চলবে এবং তা বাস্তবায়নে সব সময় প্রস্তুত থাকবে।
আইআরজিসি আরও উল্লেখ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (Assembly of Experts)-এর মাধ্যমে মোজতবা খামেনির নির্বাচন প্রমাণ করেছে যে ইসলামি শাসনব্যবস্থার অগ্রযাত্রা কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং এই বিপ্লব থেমে থাকার নয়।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (Mojtaba Khamenei)-এর প্রতি আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সামরিক বাহিনী আরও বলেছে, মোজতবা খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বিচক্ষণতার পরিচয় দিয়েছে।
মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei)-এর দ্বিতীয় ছেলে। বর্তমানে তার বয়স ৫৬ বছর।
সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী এবং এক বোন নি’\হত হন। তবে ওই হামলার সময় মোজতবা খামেনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
গত কয়েক বছর ধরেই বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নাম আলোচনায় ছিল। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় আট বছর ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে প্রায় ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে ছিলেন।


