এক নতুন অধ্যায়ের সূচনা যেন প্রত্যক্ষ করছে বাংলাদেশ। জনতার চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা—নতুন সরকার, নতুন সিদ্ধান্ত, আর এক ভিন্ন ধরনের নেতৃত্বের গল্প। অনেকের মতে, জনতার দীর্ঘদিনের প্রত্যাশিত পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর হাত ধরেই।
দেশের মাটিতে পা রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) ঘোষণা করেছিলেন—“আই হ্যাভ অ্যা প্ল্যান।” সেই ঘোষণার পর থেকেই একের পর এক সিদ্ধান্তে যেন চমকে উঠছে দেশ। অনেকের মতে, এমন সাহসী পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে।
যে মানুষটিকে একসময় বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল, এমনকি তাকে উঁচু স্থান থেকে ফেলে পঙ্গু করে দেওয়ার চেষ্টার কথাও আলোচনায় ছিল—সেই মানুষটিই একসময় পঙ্গুত্বের অবস্থায় দেশ ছাড়তে বাধ্য হন। সেই তারেক রহমানের হাতেই আজ অনেকে দেখছেন বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের নতুন সম্ভাবনা।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি একটি ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক কিছু সিদ্ধান্ত, যেগুলোকে অনেকেই নজিরবিহীন বলছেন।
বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি বাস্তবতার সঙ্গে অভ্যস্ত ছিল—প্রধানমন্ত্রীর গাড়ি চলাচল মানেই দীর্ঘ যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সড়ক বন্ধ, পুলিশের কঠোর নিরাপত্তা বলয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকতেন পুলিশ সদস্যরা, বারবার বাশি বাজিয়ে যান চলাচল থামিয়ে দেওয়া হতো। এমনকি প্রধানমন্ত্রীর বহর যাওয়ার আগেই পুরো রাস্তা স্তব্ধ হয়ে যেত। যে যেখানে থাকতেন, তাকে সেখানেই স্থির হয়ে থাকতে হতো।
কিন্তু সেই প্রচলিত চিত্র ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই বলছেন অনেকে। তার চলাচলে কঠোর সড়ক অবরোধ বা দীর্ঘস্থায়ী যানজট তৈরি না করার নীতি গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন—এমন ধারণাও ছড়িয়ে পড়েছে।
সড়কে চলাচলের সময় অনেককে তার গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গেছে। কেউ কেউ বলছেন, আগের সময় যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি কোনটি তা বোঝাই কঠিন ছিল, সেখানে এখন পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।
ঢাকার বাংলামটর এলাকায় দাঁড়িয়ে থাকা শেখ মতলু নামের এক ব্যক্তি বলেন, “হঠাৎ দেখি আমার পাশ দিয়ে হাসিমুখে গাড়ির ভেতর থেকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন। আমিও হাত নেড়ে শুভেচ্ছা জানালাম। এই দৃশ্য সত্যিই অন্যরকম।”
আরেক পথচারী বলেন, “আগে যখন জাস্টিন পিয়ের জেমস ট্রুডো (Justin Pierre James Trudeau)-কে সাধারণ মানুষের মাঝে চলাফেরা করতে দেখতাম, তখন মনে হতো—আমাদের দেশেও যদি এমন একজন প্রধানমন্ত্রী থাকতেন! এখন মনে হচ্ছে আমরা হয়তো তেমন একজনকেই পেয়েছি।”
রাজনীতির ক্ষেত্রেও কিছু প্রতীকী পদক্ষেপ নজর কেড়েছে। বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই গণতান্ত্রিক ভারসাম্যের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
অন্যদিকে, জুলাই বিপ্লবের প্রসঙ্গও বারবার উঠে আসছে আলোচনায়। অনেকের মতে, সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের বড় অংশ সক্রিয় ছিলেন এবং বহু কর্মী শহীদ হয়েছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হ’\ত্যা’\কা’\ণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, সেটি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ওই ঘটনার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতে পালিয়ে যান। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
এই হ’\ত্যা’\কা’\ণ্ডের বিচার নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক কড়াকড়ি থাকা সত্ত্বেও প্রধান আসামি দেশ ছাড়তে সক্ষম হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন সরকারের শুরুর দিকেই তাদের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে অনেকেই আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।
রাজনৈতিক সৌজন্যতার ক্ষেত্রেও কিছু ঘটনা আলোচনায় এসেছে। বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন (Bangladesh Islami Andolon)-এর আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের ঘটনাকে অনেকে রাজনৈতিক শিষ্টাচারের এক বিরল উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি ভবিষ্যতের রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারে।
এছাড়া বিরোধী দলের ইফতারে অংশ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অনেকে মনে করছেন।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার গঠনের তিন মাসের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের পাইলট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় পুনঃখনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বড় পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। এর আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা দিনাজপুরের কাহারোল থেকে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের দিকেও নজর দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় এবং ভারতের পক্ষ থেকেও স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ছিল।
রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে প্রশাসন ও বিভিন্ন বাহিনীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের কথা বলা হচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে থাকা দক্ষ কর্মকর্তাদেরও প্রশাসনে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারি ব্যয় কমানোতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্যয়বহুল ইফতার আয়োজন এড়ানো, অপ্রয়োজনীয় বিদেশ সফর সীমিত করা এবং বিলাসবহুল গাড়ি কেনা বন্ধের মতো সিদ্ধান্ত আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রী নিজেও তুলনামূলক সাদামাটা জীবনযাপনের উদাহরণ দিচ্ছেন—এমন মন্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। বিশাল গাড়ি বহর কমিয়ে চারটিতে নামিয়ে আনা, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এসএসএফ নিরাপত্তা না রাখা, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও বলা হচ্ছে।
সব মিলিয়ে অনেকেই মনে করছেন, এই পদক্ষেপগুলো দেশের রাজনীতিতে এক নতুন সংস্কৃতির সূচনা করতে পারে। দীর্ঘ সময়ের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের পর নতুন সরকারের এই উদ্যোগগুলো যদি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসতে পারে—এমনটাই মত বিশ্লেষকদের।


