নারীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতেই ‘ফ্যামিলি কার্ড’: কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছে, তাই সরকারের ওপর জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, কড়াইল বস্তি এলাকার ১৫ হাজার নারীকে আজ এই কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারে নারীপ্রধানকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও আত্মনির্ভরশীল করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে পারভিন বেগম নামে এক উপকারভোগীর হাতে বেলা ১১টা ১৯ মিনিটে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১০টা ৩২ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

এদিকে সকাল থেকেই ফ্যামিলি কার্ডের আওতায় ভাতা পাওয়ার মোবাইল বার্তা পেয়ে অনেক উপকারভোগী মাঠে উপস্থিত হন। তারা সরাসরি কার্ড গ্রহণ ও কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সেখানে জড়ো হন।

সরকারের এই কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে, যা উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *