আগামী মাসেই কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমরা আগামী মাসের মধ্যেই কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হবো।”

মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে কৃষক কার্ড অন্যতম। সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, “আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যেই কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দিতে পারব—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, নির্বাচনের আগে কৃষকদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিশেষ করে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষি ঋণ মওকুফের অঙ্গীকার ছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সম্প্রতি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সরকারের পক্ষ থেকে সুদসহ মওকুফ করে দিয়েছি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। “যে প্রতিশ্রুতিগুলো পূরণ হলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের জীবনমান উন্নত হবে—সেগুলো আমরা যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব,” যোগ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *