ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন (Pentagon)। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান মুখপাত্র শন পার্নেল (Sean Parnell)।
তিনি মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল (The Hill)-কে বলেন, “অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে টানা ১০ দিনের হামলার সময় প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।”
পার্নেলের ভাষ্য অনুযায়ী, আহতদের “অধিকাংশের” আঘাত তুলনামূলকভাবে ছোটখাটো। ইতোমধ্যে ১০৮ জন সেনা সদস্য সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন। তবে এখনো আটজন সেনা সদস্যকে গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তারা “সর্বোচ্চ স্তরের চিকিৎসা সেবা” পাচ্ছেন।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স (Reuters) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় ১৫০ জনের কাছাকাছি হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট (Karoline Leavitt) বলেছেন, সংখ্যাটি “সেই স্তরের মধ্যেই” রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য সাংবাদিকদের পেন্টাগনের দিকে নির্দেশ দিয়েছেন।
এই হতাহতের সংখ্যা সামনে আসে এমন এক সময়ে, যখন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ড (US Central Command–CENTCOM) জানিয়েছে—সৌদি আরবে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার পর গুরুতর আহত হয়ে সপ্তম মার্কিন সেনার মৃ’\ত্যু হয়েছে। একইসঙ্গে কুয়েতে একটি অস্থায়ী মার্কিন সামরিক অভিযান কেন্দ্রে হামলায় আরও ছয়জন সেনা নি’\হত হয়েছেন বলে জানানো হয়।
এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (Pete Hegseth) জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও তীব্র করা হবে। মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আজ আবারও ইরানের অভ্যন্তরে আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন হতে যাচ্ছে। সর্বাধিক যুদ্ধবিমান, সর্বাধিক বোমারু বিমান এবং সর্বাধিক হামলা পরিচালিত হবে। আমাদের গোয়েন্দা তথ্য এখন আগের চেয়ে আরও উন্নত।”
যুদ্ধের আর্থিক ব্যয়ও দ্রুত বাড়ছে বলে জানা গেছে। সোমবার রাতে এ বিষয়ে অবগত একটি কংগ্রেসনাল সূত্র দ্য হিলকে জানিয়েছে, সংঘাতের প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র কিনেছে পেন্টাগন।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব হেগসেথ উভয়েই ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ চলতে থাকলে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। গত সপ্তাহে হেগসেথ মার্কিন সেনাদের মৃ’\ত্যুর খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়া নিয়ে সমালোচনাও করেছিলেন।


