মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)-এ আগত ক্ষেপণাস্ত্রের হুমকির প্রেক্ষাপটে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থানে রয়েছে।
দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (National Emergency Crisis and Disaster Management Authority) এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো। একই সঙ্গে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে অনুরোধ করেছে, তারা যেন আপাতত নিরাপদ স্থানে অবস্থান করেন এবং কোনো গুজবে কান না দেন। পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে শুধুমাত্র সরকারী তথ্য চ্যানেল ও অফিসিয়াল আপডেট অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারি সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা ও সতর্কতা জারি করা হবে বলে জানানো হয়েছে।


