চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং কিছু সময় মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার চিকিৎসা যাতে দ্রুত ও উন্নতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি ত্বরান্বিত করতে বলেন।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিবার ও দলীয় সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করেই মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। প্রাথমিকভাবে বাসায় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।


