মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন, এভারকেয়ারে চিকিৎসাধীন মির্জা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন মির্জা আব্বাস (Mirza Abbas)-এর মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর এই অস্ত্রোপচার করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। স্ক্যানের রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসানো হয়। সেখানে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরিস্থিতি বিশ্লেষণ করে অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের আগে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

এদিকে জুমার নামাজের পর তারেক রহমান (Tarique Rahman) এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেও উপস্থিত থাকতে পারেননি তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *