ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ার চেষ্টা চলছে: হুমায়ুন কবিরের মন্তব্য

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক প্রকৃত অর্থে গড়ে ওঠেনি। বরং ভারতের সরকারের সম্পর্ক ছিল মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কেন্দ্রিক। বর্তমান সরকার সেই বাস্তবতা বদলে দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সত্যিকার অর্থে টেকসই করতে হলে সরকারে-সরকারে যোগাযোগের পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্কও শক্তিশালী হতে হয়। শুধু রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভরশীল সম্পর্ক দীর্ঘমেয়াদে স্থায়ী হয় না।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউস–এ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এই প্রচেষ্টার পথে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। তার ভাষায়, বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, “তাদের দেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে যদি বাংলাদেশের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়, তাহলে দুই দেশের সম্পর্ক টেকসই হওয়া কঠিন হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, যদি এই বিষয়টি নিশ্চিত করা যায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো তৎপরতা সেখান থেকে পরিচালিত হচ্ছে না, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের কোনো আপত্তি থাকবে না।

এদিকে জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আমদানির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের চাহিদা পূরণ করা। যে দেশ থেকে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকেই তা কেনা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশকে অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করা হয়নি। পরিস্থিতি ও বাজারদর বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রবাসীদের পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের কারণে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ শুরু করেছে।

এই কমিটি প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা, ফ্লাইটের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি জানান। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন হুমায়ুন কবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *