প্রধানমন্ত্রী – আইনমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-কে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। একই চিঠি পাঠানো হয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান (Asaduzzaman) এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)-কেও।

সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International), ফর্টিফাই রাইটস (Fortify Rights), আর্টিকেল নাইনটিন (Article 19), সিপেজি ও সিভিকাসসহ মোট ৯টি সংগঠন এ চিঠি পাঠায়। চিঠিটি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে ইচ্ছামতো বা বেআইনি আটক বন্ধ করতে হবে এবং অতীতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করারও আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) নেতৃত্বাধীন সরকারের সামনে বর্তমানে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

সংগঠনগুলো তাদের চিঠিতে দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হ’\ত্যাসহ বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। যদিও তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমে এসেছে, তবুও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর হামলা, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করার আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার সুরক্ষা জোরদার করতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও চিঠিতে তুলে ধরেছে আন্তর্জাতিক সংগঠনগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *