পুলিশ প্রশাসনে বড় রদবদল: একসঙ্গে বদলি ২১ কর্মকর্তা, শীর্ষ কয়েকটি ইউনিটেও নতুন দায়িত্ব

বাংলাদেশ পুলিশের প্রশাসনিক কাঠামোয় আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন এই আদেশে একসঙ্গে ২১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ পুলিশ প্রশাসনে এই পরিবর্তনের নির্দেশনা আসে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরেকটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে পরিবর্তন আনার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ কে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বিশেষ বাহিনীর নেতৃত্বে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখা (এসবি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ কে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন ইউনিটে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতেই এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোতে নতুন এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে কাজের গতি আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *