যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সাম্প্রতিক দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করেছে ইরান (Iran)। সোমবার সন্ধ্যায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া বর্তমানে চলছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় (Iranian Foreign Ministry) তাদের বিবৃতিতে বলেছে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।” এই বক্তব্যের মাধ্যমে তেহরান কার্যত ট্রাম্পের দেওয়া বার্তার বিপরীত অবস্থান তুলে ধরল।
বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ (CBS News) ইরানের এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে এবং চলমান যু’\দ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, গত দুই দিনে ইরানের সঙ্গে অত্যন্ত “ফলপ্রসূ ও গঠনমূলক” আলোচনা হয়েছে। এমনকি সেই কারণেই তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রেখেছেন বলেও জানান।
তবে ইরানের সর্বশেষ আনুষ্ঠানিক বিবৃতি ট্রাম্পের এই দাবিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে ট্রাম্প আলোচনার অগ্রগতির কথা বলছেন, অন্যদিকে তেহরান তা পুরোপুরি নাকচ করে দিচ্ছে—ফলে দুই পক্ষের অবস্থানের এই স্পষ্ট বিরোধ নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে।


