ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হয়েছে, একই সঙ্গে হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের আহ্বান জানিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া (Xinhua) জানায়, ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস (Chinese Embassy) নাগরিকদের সরিয়ে নিতে একটি নতুন উদ্ধার অভিযান আয়োজন করছে। এতে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সম্পদের ক্ষতিও বাড়ছে। অনেক ক্ষেত্রে মানুষ সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় নিহত হওয়ার ঘটনাও ঘটছে।
বর্তমানে যারা এখনও ইসরাইলে অবস্থান করছেন, তাদের জন্য সতর্কবার্তাও দিয়েছে দূতাবাস। বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


