রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ভয়াবহ বাসডুবির ঘটনায় মৃ’\ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। নি’\হতদের মধ্যে রয়েছেন ১১ জন নারী, ৭ শিশু এবং ৭ জন পুরুষ—যা এই দুর্ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও প্রতিটি মুহূর্ত যেন ভারী হয়ে উঠছে স্বজন হারানোর বেদনায়।
এর আগে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে ঘটে যায় এই দুর্ঘটনা। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নদীর পানিতে তলিয়ে যায় বাসটি, আর তাতেই সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি।


