জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কার্যক্রমের অভিযোগ উঠেছে। ‘ÔBarrister Kayser Kamal Fan’sÕ’ নামে একটি ফেসবুক পেইজ বা গ্রুপসহ আরও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয় (Bangladesh Parliament Secretariat)।
শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় স্পষ্টভাবে জানায়, এসব ফেসবুক পেইজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি তিনি এসব প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। ফলে এই পেইজ বা গ্রুপে প্রকাশিত কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (Barrister Kayser Kamal) কেবলমাত্র তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নাম ব্যবহার করে পরিচালিত অন্য যেকোনো পেইজ বা গ্রুপ সম্পূর্ণ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে বিবেচিত।
এই প্রেক্ষাপটে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এসব ফেইক পেইজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়া, সেখানে যুক্ত না হওয়া এবং কোনো তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কেউ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। ইতোমধ্যে এই প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে সংসদ সচিবালয়।


