পেট্রোল পাম্পে নিরাপত্তা নিশ্চিত করা এবং তেলের সুষ্ঠু সরবরাহ বজায় রাখতে ৮ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (Bangladesh Petroleum Dealers, Distributors, Agents and Petrol Pump Owners Association)। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এসব দাবি তুলে ধরেন।
তিনি জানান, প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিপো থেকে ট্যাঙ্কলরির ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ করা। পাশাপাশি আরও ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল আচরণ, ট্যাঙ্ক খালি থাকলে হঠাৎ তেল নেওয়া থেকে বিরত থাকা, তেল বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ, উপজেলা ও জেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার করা এবং সরকারি মনিটরিং কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে অস্থিরতা দেখা দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাম্প মালিকরা সরকার নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করছেন। তবুও ভুল তথ্যের প্রভাবে কিছু স্থানে পাম্পে হামলা, কর্মীদের ওপর নির্যাতন এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। তিনি স্পষ্ট করে বলেন, পাম্প মালিকরা সরকারের বিরোধী নন; বরং সব সময় সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করছেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে সরকার সীমিত তেল সরবরাহ বা রেশনিং ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বিভিন্ন পাম্পে দীর্ঘ সারি এবং ‘তেল শেষ’ আতঙ্ক তৈরি হচ্ছে, যা অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকটের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
আহ্বায়ক সতর্ক করে বলেন, অতিরিক্ত তেল সংগ্রহ বা ‘প্যানিক বায়িং’ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করা কিংবা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করা পুরো বাজার ব্যবস্থার জন্য ক্ষতিকর। তিনি মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখলে এই সংকট মোকাবিলা করা সম্ভব।
সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে রেশনিং রসিদের ভিত্তিতে লাইনে শৃঙ্খলা বজায় রাখাও জরুরি। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক চাপের মধ্যেও সরকার তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তাই নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ, অর্থ সম্পাদক মিজান প্রধান, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদ, আবু হিরণ, সদস্য সাজ্জাদুর রহমান ইমন, মিজানুর রহমান এবং মাসুদ পারভেজসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


