সড়কে নিরাপত্তা জোরদার এবং অবৈধ মোটরসাইকেলের অবাধ চলাচল ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুর জেলা প্রশাসন (Rangpur District Administration)। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ (Road Transport Act, 2018) অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমাগমস্থলে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুসারে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ ফিটনেস নিয়ে কোনো যানবাহন পরিচালনাও বেআইনি।
এই আইনি বাধ্যবাধকতা কার্যকর করতে প্রশাসন নির্দেশ দিয়েছে—শুধুমাত্র সেইসব মোটরযানকেই জ্বালানি সরবরাহ করা যাবে, যেগুলোর মালিকানার বৈধ রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিটনেস সনদ ও রুট পারমিট রয়েছে।
এছাড়া পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—কোনো অবস্থাতেই কাগজপত্রবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে। প্রশাসনের এই উদ্যোগ সড়কে আইনশৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করবে বলেই আশা করা হচ্ছে।


