ইনকিলাব মঞ্চকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আগাম ক্ষমা চেয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে ওমর হাদি জানান, তার ভাইয়ের হত্যার আগে ও পরে কী ঘটেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের কিছু সদস্যের বিরুদ্ধে নানা বিষয় উঠে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ কারণে আগাম দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তার এই বক্তব্য প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার পরবর্তী বিস্তারিত লেখার অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পরে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।


