সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর নাম ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূইয়া এ তথ্য জানান।
বাচ্চু ভূইয়া বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সরকারে দায়িত্ব পালন করলে দলীয় প্রধানের দায়িত্বে থাকা যায় না। সে কারণে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম প্রকাশ করা হবে।
২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে গণসংহতি আন্দোলন। তার পর থেকে দলটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জোনায়েদ সাকি। ২০২২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পান। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


