যশোর সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি প্রকাশ, উদ্বোধন হতে যাচ্ছে একাধিক প্রকল্প

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী স্থান ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সফরের বিস্তারিত সময়সূচি তুলে ধরেন।

জ্বালানি তেলের বৈশ্বিক সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে সরকার জনগণের ভোগান্তি কমাতে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাতে কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC)-কে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় প্রতিদিন এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি যশোরের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে যশোরের উন্নয়নের যে গতি থেমে ছিল, তা আবার সচল হবে এই সফরের মধ্য দিয়ে।

তিনি আরও জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্যোগে খনন করা উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী যশোরে আসছেন। যশোর বিমানবন্দর থেকে সরাসরি তিনি উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন, যা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর পরিকল্পনায় নির্মিত। সময় সাপেক্ষে তিনি যশোরের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন এবং পরে একটি জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি যশোর ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে যশোরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষিত ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল কার্যকর হবে এবং এলাকার উন্নয়ন ঘাটতি অনেকাংশে দূর হবে। তারা মনে করছেন, এই সফর যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *