রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) এলাকায় শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষা দিতে আজ রোববার থেকে শুরু হয়েছে ‘জরুরি হা’\ম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। ১২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ সকালে রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম এ মুহিত (Dr. M A Muhith), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (Md. Shafiqul Islam Khan)।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে হবে। তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৭টি উপজেলায় এবং পরে ৪টি সিটি করপোরেশনে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হা’\ম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু হবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের অংশ হিসেবে মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
ডিএনসিসি সূত্র জানায়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে হা’\ম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হবে। এ জন্য পুরো এলাকায় ৫৪টি স্থায়ী এবং ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৩৫টি ইভিনিং সেন্টার ও ৮টি ফ্রাইডে সেন্টার চালু থাকবে।
এই কর্মসূচি বাস্তবায়নে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন তদারককারী দায়িত্ব পালন করছেন। বড় পরিসরের এই উদ্যোগে নগরজুড়ে স্বাস্থ্যসেবা কাঠামোকে সক্রিয় রাখা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ (UNICEF)-এর ইমিউনাইজেশন হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাজেশ নারওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সময়মতো টিকা নিশ্চিত করতে। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই সুরক্ষা কর্মসূচির বাইরে না রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


