জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা: ভার্চুয়াল সভায় জোর দিচ্ছে সরকার

বৈশ্বিক জ্বালানি সংকটের চাপ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে দেশের অভ্যন্তরেও। এই বাস্তবতায় জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে সরকার নতুন করে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে, যেখানে প্রশাসনিক কার্যক্রমের ধরনেই আনা হচ্ছে পরিবর্তন।

মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division) থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এখনই সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

নির্দেশনায় বলা হয়, সরকারি কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই সঙ্গে জ্বালানি খরচও কমিয়ে আনা যায়—এই দুই লক্ষ্য সামনে রেখে সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করার ওপর জোর দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনের মাধ্যমে যুক্ত হবেন। এতে করে অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং যানবাহনের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মনে করছে সরকার।

একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমের ধরণে একটি নতুন বাস্তবতা তৈরি হলেও, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *