মহান জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা রক্ষায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। সংসদীয় রীতি অনুসারে কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার সামনে দিয়ে অতিক্রম করা বা ফ্লোর ক্রসিং করা শোভন নয়—এই প্রচলিত নিয়মকে সম্মান জানাতেই নিজ আচরণে সংযম দেখান তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (Md. Asaduzzaman)। ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রীর প্রবেশের মুহূর্ত তৈরি হয়। কিন্তু প্রচলিত নিয়ম ভঙ্গ না করে তিনি সরাসরি নিজের নির্ধারিত আসনে না গিয়ে তৃতীয় সারিতেই বসে পড়েন। আইনমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন। বক্তব্য শেষ হলে তবেই প্রথম সারিতে নিজের আসনে গিয়ে বসেন তিনি।
ঘটনাটি সংসদের সরাসরি সম্প্রচারেও স্পষ্টভাবে ধরা পড়ে, যা দ্রুতই আলোচনায় আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সংসদের ডেকোরাম অনুযায়ী প্রধানমন্ত্রী ও সংসদ নেতার আসন প্রথম সারিতে নির্ধারিত। জাপানের কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী সংসদে এসে পৌঁছান, তবে তখন আইনমন্ত্রী বক্তব্য রাখছিলেন। সেই মুহূর্তে শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি অপেক্ষা করাকেই বেছে নেন।
তিনি আরও বলেন, সংসদীয় আইনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান প্রদর্শন সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যদের মাঝেই ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অধিবেশনের ওই অংশে দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল (Kaiser Kamal)ও প্রধানমন্ত্রীর এই আচরণের ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, একই দিনে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর সংসদ সদস্য, সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে ব্যক্তিগতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
সংসদের ভেতরে আচরণগত শৃঙ্খলা ও রাজনৈতিক সৌজন্যের এই দুই ভিন্ন দৃশ্য একই দিনে সামনে আসায় তা স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্য তৈরি করেছে।


