এক কোটি কর্মসংস্থান লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসনকে নতুন বার্তা সরকারের

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার ঘোষিত লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সরকারের পরিকল্পনা ও কর্মপদ্ধতিতে মাঠ প্রশাসনের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাই উঠে এলো এবারের জেলা প্রশাসক সম্মেলনে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সরকারের বর্তমান কার্যক্রম এক কোটি কর্মসংস্থান সৃষ্টির বৃহৎ লক্ষ্যকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। সেই লক্ষ্য অর্জনে কেন্দ্রীয় পরিকল্পনার পাশাপাশি জেলা পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শকে সমন্বিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সম্মেলনে অংশ নেওয়া জেলা প্রশাসকরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনার পাশাপাশি দুর্নীতি কমানোর লক্ষ্যে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার দাবি জানান। তাদের মতে, মাঠপর্যায়ে সঠিক তদারকি নিশ্চিত করা গেলে প্রকল্প বাস্তবায়নের মান ও গতি—দুইই বাড়বে।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ দ্বিতীয় দিনের মতো শুরু হয় এই সম্মেলন। দিনের প্রথম অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং সরকারের চলমান পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এর কাছে জেলা প্রশাসকরা সারা দেশে ছড়িয়ে থাকা ৩৩৫টি প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে জেলা পর্যায়ের লাইব্রেরি ও অডিটোরিয়ামগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়, যাতে সাংস্কৃতিক অবকাঠামো আরও শক্তিশালী হয়।

অন্যদিকে, বিমান পরিবহন ও পর্যটন খাত নিয়েও ছিল আলাদা আলোচনা। মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জেলা প্রশাসকদের সঙ্গে পর্যটন খাতের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসকরা মনপুরা ও হাওর অঞ্চলে পর্যটন করপোরেশনের কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দেন, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে পারে।

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা আটটি বিমানবন্দর পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও পর্যটন খাতকে নতুন গতি দেওয়ার আশা করা হচ্ছে। বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দর দিয়ে এই কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।

পরবর্তী অধিবেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনের ভূমিকা শুধু বাস্তবায়ন নয়, বরং নীতি প্রণয়নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে নতুন ধরনের সমন্বয় ও দায়িত্ববোধ নিয়ে জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *