অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের অবস্থান।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারাজের উদ্যোগকে তারা অভিনন্দন জানান, তবে সেটি তিস্তার বিনিময়ে নয়। তার ভাষায়, তিস্তার জায়গায় তিস্তাকে তার পাওনা দিতেই হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এ বিষয়ে জামায়াতের অবস্থান একদম পরিষ্কার বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং গণতান্ত্রিক পন্থায় দেশের নেতৃত্বের পরিবর্তন চায়। তাই স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরেই দলটি অংশ নেবে।
তবে সাম্প্রতিক উপনির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর শেরপুর ও বগুড়ায় দুটি উপনির্বাচন হয়েছে, সেখানকার পরিস্থিতি সবাই দেখেছেন। আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে তারা শঙ্কিত।
এ সময় তিনি জনগণকে নিজেদের অধিকারের পক্ষে সজাগ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তার মন্তব্য, “সব রোগের ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক হয়ে যায়।”


