ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষের মন জয় করুন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করার কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতায় এসেছি বলেই ক্ষমতা দেখানো যাবে না; মানুষের ভালোবাসা পেতে হলে জনগণের মন জয় করতে হবে।

বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “খালি ক্ষমতায় আসছি বলে ক্ষমতা দেখাবেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাই হলো জনগণের মন জয় করা।”

বক্তব্যের একপর্যায়ে স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গি ছেড়ে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। বলেন, ‘মুই যদি জাহানে চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।’

নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক ও আদর্শিকভাবে নেতৃত্ব দিতে হবে। রাজনীতির মূল কথা হলো জনগণকে জয় করা। জনগণের ভালোবাসা পাওয়া এবং সেই ভালোবাসা ধরে রাখাই নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

এর আগে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে তিন মন্ত্রীসহ এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার অপব্যবহার রোধে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বার্তা দেওয়ার সময়ে মির্জা ফখরুলের এই আঞ্চলিক ভাষার হুঁশিয়ারি রাজনৈতিক মহলে ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা হিসেবে দেখা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *