নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জার্জিস কাদির-এর নির্বাচনী সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি-র তিন সদস্যের মধ্যে সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ সময় চলছিল নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশ। জানা যায়, কর্মসূচির নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু প্রধান অতিথি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় অপেক্ষমাণ কর্মীদের মধ্যে বিরক্তি দেখা দেয়।
এই সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালীন মঞ্চে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য উঠে গেলে, নিচে অবস্থানরত অন্য সদস্যরা আপত্তি জানায় এবং সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিনিয়র নেতারা ও আয়োজকরা তৎক্ষণাৎ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ মঞ্চে উঠে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ ঘটনার পর থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের অস্থিরতা এড়াতে রাজনৈতিক দলগুলোকে আরও সংগঠিত এবং দায়িত্বশীল হতে হবে।


