ফেনী-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু নিজের জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পক্ষে নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন জিডিটি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনি সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ মিন্টুকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন।
সেখানে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে মিন্টু কোথায় পালাবেন—এমন বক্তব্য দিয়ে প্রকাশ্যে ভয়ভীতি দেখানো হয়।
জিডিতে আরও দাবি করা হয়, বিভিন্ন সময় ও মাধ্যমে জামায়াতের একাধিক নেতা নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এতে করে মিন্টু সম্মানহানি ও গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। বিষয়টি তার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের জন্য উদ্বেগজনক বলেও জিডিতে উল্লেখ আছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। তিনি আলহাজ শফি উল্লাহ ও বদরের নেছার জ্যেষ্ঠ পুত্র।


