বিএনপির শেষ সমাবেশের প্রস্তুতিকালে বিস্ফোরণ, দগ্ধ ২১

গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় শিশু-কিশোর ও বিএনপির নেতাকর্মীসহ ২১ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় দগ্ধ ১৯ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন, রমজান (১৮), রাফি (১২) বিজয় (১৬), তাসিন (১৮) সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪) হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন(২১), রাব্বি (১২), রুবেল (৩৪) হৃদয় (১৮) শাওন (২০) ইমাম (১৪) নির্জন (২২) ও মারুফ (২২)।

টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

জানা গেছে, বিএনপির সমাবেশের জন্য টঙ্গীবাজারের একটি রুমে গ্যাস বেলুনগুলো রাখা হয়েছিল। সমাবেশ শুরুর আগে সেগুলো বের করতে সেখানে যায় কয়েকজন। রুম থেকে বের করার সময় মারাত্মক এ বিস্ফোরণ ঘটে। এতে ১৯ জন দগ্ধ হন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এর পেছনে অন্যকোনো কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার বিষয়টি তদারকি করেন। দলীয় নেতারা ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আহতের সংখ্যা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আমাদের এখানে আসা রোগীদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন আহতরা ১২ শতাংশ দগ্ধ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *