সমালোচনা ও আপত্তির মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার, প্রার্থী, নির্বাচনি এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
তবে গোপন কক্ষে গিয়ে ছবি তোলা বা ভিডিও ধারণ করার অনুমতি থাকবে না।
ইসি সচিব বলেন, “বিষয়টি পরিষ্কার করতেই আগের পরিপত্র সংশোধন করা হচ্ছে।”
প্রসঙ্গত, এর আগে নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানিয়েছিল—কেউ মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশনার পর থেকেই বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা শুরু হয়। অভিযোগ ওঠে, এতে করে ভোটকেন্দ্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষুণ্ন হতে পারে।
নতুন ঘোষণার মাধ্যমে ইসি সেই বিতর্ক থেকে সরে এলো এবং ভোটের পরিবেশে স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করলো বলেই মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।


