নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে, বেলাল উদ্দিনের কাছে ৫০ লাখ টাকা থাকার কথা জানানো হলেও পরে পুলিশ জানায়, প্রকৃত পরিমাণ ছিল ৭৪ লাখ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে বিমানবন্দরে আটক করে এবং পরে থানায় খবর দেয়।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, “সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুরে পৌঁছান।
আটকের সময় ধারণকৃত এক ভিডিওতে বেলাল উদ্দিন নিজেকে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা এবং দবিরুল ইসলামের ছেলে হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তিনি ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক।
টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, “লাগেজে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো আমার গার্মেন্টস ব্যবসার টাকা।”
এই ঘটনায় নির্বাচনপূর্ব সময়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিপুল অঙ্কের নগদ অর্থ এবং একজন জামায়াত নেতার সম্পৃক্ততা ঘিরে প্রশ্ন উঠেছে টাকার উৎস ও উদ্দেশ্য নিয়ে।


