সরকার গঠনের দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বিএনপি, হাড্ডাহাড্ডি লড়াই ৮৬ আসনে : সিএসআই জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত এক বিস্তৃত জনমত জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (BNP) নেতৃত্বাধীন জোটকে বড় ব্যবধানে এগিয়ে থাকা দেখা গেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ জরিপের ফলাফল প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) (Center for Social Insight) এবং লন্ডনভিত্তিক সাপ্তাহিক সুরমা (Surma)।

৬৪ হাজার ৮৯০ জন ভোটারের মতামতের ভিত্তিতে করা জরিপে দেখা গেছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ১৭১টি আসনে এগিয়ে আছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫টি আসনে, আর অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৭টি আসনে।

জরিপ অনুযায়ী, বিএনপি জোট ১৭১ থেকে ২২২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। অন্যদিকে, জামায়াত জোট তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়ার সম্ভাবনার মুখোমুখি। ৮৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে সমীক্ষাটি।

জরিপের তথ্য উপস্থাপন করেন সিএসআই-এর কো-অর্ডিনেটর ফজলুল কাদের, এবং ফলাফল ব্যাখ্যা করেন সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। উভয়ের দাবি, ১০ লাখেরও বেশি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই বিশ্লেষণমূলক প্রতিবেদন।

তারা জানান, দেশের ৮১ শতাংশ ভোটারের মধ্যে এবার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অভাবনীয় উৎসাহ দেখা যাচ্ছে। শহর থেকে গ্রাম, পেশাজীবী থেকে দিনমজুর—সবার মধ্যেই ভোটাধিকার প্রয়োগের আগ্রহ প্রবল।

এবারের নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে জরিপে উঠে এসেছে প্রতিযোগিতামূলক পরিবেশ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা। অংশগ্রহণকারী ভোটারদের ৯২ শতাংশ জানিয়েছেন, তারা মনে করেন এবার একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে এবং পূর্বের তুলনায় ভীতি অনেকটাই কমেছে।

তবে জরিপে দেখা গেছে, জনগণের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও স্থিতিশীলতা নিয়ে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *