নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে—এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার একাধিক মানদণ্ড রয়েছে। সেগুলো ঠিক থাকলে জনগণের রায় অবশ্যই মেনে নেওয়া হবে। একই সঙ্গে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের ভোটকক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নাহিদ ইসলাম। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এটিই তার জীবনের প্রথম ভোট—এ কথা জানিয়ে তিনি বলেন, “আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ সবার দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১১ দলের পক্ষে অবস্থান নিন।” তিনি আরও বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই তাদের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: ছাত্রদলের হামলায় আহত এনসিপি প্রার্থীর ভাইয়ের অবস্থা সংকটাপন্ন
রাতে কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তবে সেই প্রেক্ষাপটেও তিনি ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, মানুষ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দেবে। “আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়,”—যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছেন বলে বিশ্বাস করেন। শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার কথাও জানান তিনি, যাতে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।


