চেক জালিয়াতির মামলায় জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের প্রেস উইংয়ের দায়িত্বেও রয়েছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বও পালন করেছেন।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে পুলিশ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। তার দাবি, পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলায় অভিযুক্ত দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার স্বামীর দ্রুত মুক্তি দাবি করেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক জালিয়াতি মামলায় এক মাসের সাজা ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আসাদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে তিনি গণভোটের এম্বাসেডর হিসেবে এলাকায় প্রচারণায় অংশ নেন। নির্বাচন শেষ হওয়ার পরও তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে সুজানগর থানায় সোপর্দ করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, “সে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।”


