নবনির্বাচিত সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী: সিএএস দরবারে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিক নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে—এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল, তাদের সংখ্যা ইতোমধ্যে কমানো হয়েছে।

রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ আয়োজনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও। ভাষণে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

বৈঠক সূত্রে জানা গেছে, সেনাপ্রধান বলেন, দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। দেশের জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে—সরকার নির্দেশ দিলেই সদস্যরা ব্যারাকে ফিরে যাবেন।

তিনি আরও জানান, নির্বাচনের সময় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানায়, ভাষণে ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখার ওপর বিশেষ জোর দেন সেনাপ্রধান। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। বর্তমান প্রেক্ষাপটে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বানও জানান তিনি, যাতে বিভ্রান্তিকর তথ্য বাহিনীর শৃঙ্খলা বা কার্যক্রমে প্রভাব ফেলতে না পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *