দীর্ঘদিন পর প্রকাশ্যে দলীয় কার্যক্রমে সরব হলো বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League)-এর পীরগঞ্জ উপজেলা শাখা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আবারও সাংগঠনিক উপস্থিতির জানান দিলেন নেতাকর্মীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচু তলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয় পতাকা উত্তোলন করেন। দীর্ঘ বিরতির পর এমন প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে পেরে নেতাকর্মীদের মধ্যে ছিল দৃশ্যমান উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী।
নেতারা বলেন, এই পতাকা উত্তোলন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। দীর্ঘ সময় পর সংগঠনের দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন প্রত্যয়ের সঞ্চার হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও জানান, সামনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। নতুন সদস্য সংগ্রহ, কর্মীদের সক্রিয় সম্পৃক্ততা এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি আনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।


