নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সাধারণ মানুষ যাতে সরাসরি এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারেন, সে জন্য স্থানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
নিরাপত্তার স্বার্থে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় জাতীয় সংসদ ও এর সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে বলে জানানো হয়েছে।
শুধু রাজধানী নয়, সারাদেশেও এই আয়োজন দেখার ব্যবস্থা রাখা হয়েছে। ৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একযোগে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলায় বড় পর্দায় বিটিভির সৌজন্যে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ১১টি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান দেখানো হবে।


