ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের উদ্দেশ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রধান ফটকে একে একে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে প্রাঙ্গণে জমে ওঠে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রস্তুতি।
সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী নির্বাচিত সদস্যদের শপথের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম।
জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন অর্জন করেছে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে। তাঁদের পাশাপাশি বিভিন্ন আসন থেকে নির্বাচিত সদস্যরা একে একে শপথ কক্ষে যোগ দিচ্ছেন।
নতুন সংসদের সূচনা উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই বাড়তি সরগরম পরিবেশ লক্ষ্য করা গেছে। নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে দেশের আইনসভা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।


