টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ডাক পেলেন আমিনুল হক

বিএনপির নবগঠিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক (Aminul Haque)। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপি (Bangladesh Nationalist Party) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল হক। তবে তিনি জয়ী হতে পারেননি। ওই আসনে তিনি পরাজিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামি (Bangladesh Jamaat-e-Islami) মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে।

নির্বাচনে পরাজয়ের পরও গত কয়েকদিন আমিনুলকে ঘিরে ছিল নানা গুঞ্জন। নির্বাচিত হলে নতুন সরকারে তিনিই ক্রীড়ামন্ত্রী হতেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে ছিল বেশ জোরালো। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। সম্ভাব্য তালিকায় একাধিক নাম উঠে আসে।

একপর্যায়ে গুঞ্জন ছড়ায়, আমিনুল হককে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিচ্ছে বলে জানা গেছে। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *