দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের নতুন সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট আতিকুর রহমান রুমন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ব্যক্তিত্ব বর্তমানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)-এর মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ও রাজনীতির সমান্তরাল অঙ্গনে সক্রিয় উপস্থিতি রেখে আতিকুর রহমান রুমন নিজেকে একটি দৃঢ় ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবে তার ভূমিকা দীর্ঘদিনের। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে গণমানুষের স্বার্থে সাংবাদিকতার মাধ্যমে নিয়মিত লেখালেখি ও মতপ্রকাশ করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতার সময়েও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির রেখেছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ মে বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আতিকুর রহমান রুমন। তার পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মাতা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী এবং এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান। পারিবারিকভাবে সামাজিক ও মানবিক মূল্যবোধের পরিবেশেই তার বেড়ে ওঠা।

শিক্ষাজীবনের সূচনা হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজে। ছাত্রজীবনেই তিনি ছাত্ররাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত হন, যা পরবর্তীকালে তার পেশাগত ও রাজনৈতিক জীবনের ভিত্তি রচনা করে।

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ সফর করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই অভিজ্ঞতা তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করেছে।

আতিকুর রহমান রুমন বহুল আলোচিত ও পাঠকপ্রিয় একাধিক গ্রন্থের রচয়িতা হিসেবেও সুপরিচিত। সাংবাদিকতা, রাজনীতি ও সাহিত্য—এই তিন অঙ্গনেই তার সক্রিয় উপস্থিতি তাকে সমসাময়িক পরিসরে একটি আলোচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *