নতুন প্রধানমন্ত্রীর অফিসযাত্রা শুরু বুধবার, সচিবালয়ে প্রথম কর্মদিবসে ব্যস্ত সূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এর আগে একই দিন সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ নেন, যার মধ্য দিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। দায়িত্ব নেওয়ার পরদিনই তার এই আনুষ্ঠানিক অফিসযাত্রা ঘিরে সচিবালয়ে চলছে প্রস্তুতি।

প্রথম কার্যদিবসের সূচি বেশ ব্যস্ত। সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সূত্র নিশ্চিত করেছে, প্রথম দিনই মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন তিনি। সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ওই বিশেষ বৈঠক, যেখানে তিনি সভাপতিত্ব করবেন। যদিও বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার, কাজের ধারা এবং সমন্বয় নিয়ে এ বৈঠকে প্রাথমিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শপথের পরদিনই সচিবালয়ে এমন ধারাবাহিক কর্মসূচি নতুন সরকারের কার্যক্রম শুরুতে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—দায়িত্ব গ্রহণের পরই সক্রিয়ভাবে প্রশাসনিক কার্যক্রমে মনোনিবেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *