মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রমজানকে সামনে রেখে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিশেষভাবে নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকারের প্রতি জনগণের যে বিপুল জনসমর্থন রয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করাই এখন বড় দায়িত্ব। প্রধানমন্ত্রীর ভাষায়, জনগণ সুশাসন ও জবাবদিহিতা চায়—আর সে জায়গা থেকে প্রত্যেক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। বিশেষ করে দু’\র্নীতি প্রশ্নে শক্ত ও আপসহীন অবস্থান নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। পাশাপাশি সেহরি, ইফতার ও তারাবির সময় যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে—সে ব্যাপারেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড—এসব উদ্যোগ কীভাবে দ্রুত দৃশ্যমান পর্যায়ে নেওয়া যায়, সে বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী নুর আরও জানান, প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের। এ বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে রমজান, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম—সবকিছু মিলিয়ে একটি সমন্বিত প্রস্তুতির কথা উঠে আসে বৈঠকে।
শ্রমবাজার প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-এর সময়ও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে মাঝখানে নানা কারণে শ্রমবাজারে ছন্দপতন ঘটে এবং কিছু ক্ষেত্র বন্ধ হয়ে যায়।
এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রধানমন্ত্রীর একটি সফর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মত দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হয়েছে এবং সেখান থেকে আরও কিছু পরামর্শ পাওয়া গেছে, যা বাস্তবায়নের ক্ষেত্রে অনুসরণ করা হবে।
এছাড়া সরকার আগামী ১৮০ দিনের একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণের দিকেও এগোচ্ছে বলে জানান তিনি। রমজানকে সামনে রেখে বিদ্যুৎ, বাজারদর, আইনশৃঙ্খলা ও সামাজিক অঙ্গীকার—সব মিলিয়ে সরকারের প্রস্তুতির বার্তাই উঠে এসেছে মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে।


