নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, রমজান মাসেই ঈদের আগে পাইলট আকারে ফ্যামিলি কার্ড চালু হবে।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ইস্যু বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। আজকের আলোচনার মূল বিষয় ছিল কিভাবে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং এটি সার্বজনীনভাবে প্রয়োগ করা হবে। তবে, কার্যক্রমের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারের জন্য শুরু করে ধীরে ধীরে দরিদ্র ও মধ্যবিত্ত পর্যায়ে প্রসারিত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট ঈদের আগে চালু করতে। কার্যক্রমের সূচনা ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজকের আলোচনাই মূল ছিল।”


