বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-কে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম (Datuk Seri Anwar Ibrahim)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করেন মালয়েশিয়ার সরকারপ্রধান।
টেলিফোনালাপে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের যৌথ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই যোগাযোগকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। তখনই ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ককে নতুন গতি দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি এবং বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান।
এক বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ হয়ে আছে। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সরাসরি যোগাযোগকে ভবিষ্যৎ সহযোগিতার এক ইতিবাচক সূচনা হিসেবেই দেখা হচ্ছে কূটনৈতিক মহলে।


