শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল অত্যাধুনিক এয়ার রাইফেল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এ দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অত্যাধুনিক গ্যাসচালিত স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ নূর হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, আটক নূর হোসেনের বাড়ি ফেনী (Feni) জেলার ছাগলনাইয়া (Chhagalnaiya) উপজেলায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই (Dubai) থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে একটি অত্যাধুনিক অস্ত্র আসছে—এমন গোয়েন্দা সংবাদের পর থেকেই শাহজালাল বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। ফিটস এয়ারের একটি ফ্লাইটে করে ওই চালান আসতে পারে বলে সন্দেহ ছিল। রাত ৮টার দিকে ফ্লাইটটি অবতরণ করলে সংশ্লিষ্ট যাত্রীদের ওপর বিশেষ নজর রাখা হয়।

ফ্লাইটে থাকা যাত্রী নূর হোসেনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে একপর্যায়ে তিনি স্বীকার করেন, সাইকেলের পার্টসের ভেতরে এয়ার রাইফেলটির অংশগুলো পার্ট বাই পার্ট করে রাখা আছে। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করে সেগুলো উদ্ধার ও জব্দ করেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি অত্যাধুনিক এবং গ্যাসচালিত স্বয়ংক্রিয় প্রযুক্তির। এটি বিচ্ছিন্ন অবস্থায় বহন করা হলেও জোড়া লাগালে সম্পূর্ণ কার্যকর অস্ত্রে পরিণত হয়।

অস্ত্র ছাড়াও নূর হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি ফুড আইটেম, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *