ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এসব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক করা হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। রাজধানীর দুই সিটি করপোরেশনে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া খুলনা সিটি করপোরেশন-এ প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশন-এর দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তাঁরা ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *