এলাকা পরিদর্শনে গিয়ে তোপের মুখে এমপি মুফতি আমির হামজা

কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ব্যাপক তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজের পর চর আমলাপাড়ায় কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক নির্মূলে একদল বক্তব্য দেন। সেখানে এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেয়া হয় এবং অন্যথায় বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারি দেয়া হয়। এর জেরে রোববার রাত সাড়ে ৯টায় শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনের দোকানে হামলার ঘটনা ঘটে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শান্ত করে।

সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে গেলে তোপের মুখে পড়ে এমপি মুফতি আমির হামজা। পরিস্থিতি উত্তপ্ত হলে দ্রুতই এলাকা ত্যাগ করেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *